নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট জিপের ধাক্কায় ছোট্ট শিশু হোজাইফা(২) নির্মম ভাবে নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোটের দিন উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা ছড়া পাড়া এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় খঞ্জনীঘোনা এলাকার আবুল কাসেমের ছেলে ব্যবসায়ী মাষ্টার খায়রুল ইসলাম এর ব্যবহৃত ল্যান্ডক্লোজার জীপ গাড়ি বৃহস্পতিবার দুপুরে একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ছৈনাম্মারঘোনা ছড়া পাড়া এলাকার বোরহান উদ্দিনের শিশু কন্যাকে প্রথমে ধাক্কা দেয় পরে পেছনে গিয়ে পুনরায় গাড়ি চাপা দিলে ছোট্ট শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কোহিনুর বেগম বলেন, খায়রুল মাষ্টারের জিপ গাড়ি হোজাইফাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায় এবং সাথে সাথে মেয়েটি উঠে দাঁড়িয়ে যায়, আশেপাশের লোকজন চিল্লাচিল্লি করে গাড়ি পেছনে না দেওয়ার অনুরোধ করলে ড্রাইভার তা কর্ণপাত না করে, পেছনে গিয়ে গাড়ি চাপা দিলে শিশুটি মাথার খুলি ফেটে ঘটনাস্থলেই মারা যায়।শিশুর পিতা বোরহান উদ্দিন বলেন, আমার ছোট্ট শিশু হোজাইফা খেলা করছিল এমন সময় খায়রুল মাষ্টারের ঘাতক গাড়িটা আমার মেয়ের জীবনপ্রদীপ নিমিষেই কেড়ে নিয়েছে। তিনি আরও বলেন, আমি গরিব মানুষ মামলার ঝামেলায় যাবো না, খাইরুল মাষ্টার কিছু সহযোগিতা করলে ভালো না করলে আল্লাহ কে বিচার দিব বলে কান্নায় ভেঙে পড়ে।
এ বিষয়ে খায়রুল মাষ্টারের কাছে জানতে চাইলে উত্তেজিত কন্ঠে বলেন, এইরকম ৮/১০ মেরে ফেললেও কিছু হবেনা, বরং দেশে লোকসংখ্যা কমবে। নিহতের শিশুর পরিবারকে টাকা দিয়ে ম্যানেজ করে নিয়েছেন বলেও জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, গাড়ি চাপা দিয়ে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি, কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply