জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং অনানুষ্ঠানিক খাতের কর্মীদের মূলধারার শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠান।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ২টার সময় চকরিয়া উপজেলা হলরুমে আয়োজিত জব ফেয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়।
চাকরি মেলায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার।
বিশেষ অতিথি ছিলেন,পিকেএসএফের ব্যবস্থাপক ও উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, এসএমআরডিপি চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম, কেইস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর এবং চকরিয়া পল্লী উন্নয়ন অফিসার শাহাদাত হোসেন।
অনুষ্ঠানটি এসএমআরডিপির জ্যেষ্ঠ পরিচালক (উন্নয়ন কর্মসূচি) মো. নাজমুল হক নেহালের সভাপতিত্বে ও কেইস ম্যানেজমেন্ট অফিসার রিয়ানুল কবির রিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসএআরপিভি এর সার্বিক সহযোগিতায় ও
সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি)-এর তত্ত্বাবধানে এবং পল্লী কর্মী-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।
চাকরি মেলায় বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা ক্যারিয়ার পরামর্শ, দক্ষতা উন্নয়নবিষয়ক দিকনির্দেশনা এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারের সুযোগ গ্রহণ করেন, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply