নিজস্ব প্রতিবেদকঃ
টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের মাঝে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মোহাম্মদ কাজলের মেয়ে সুমি (১৭) ও তার ভাই আবদুল মজিদের ছেলে মোহাম্মদ তৌসিফ (১১)। সম্পর্কে তারা পরস্পর ফুফু ও ভাতিজা।
স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর পাহাড় ধসে এই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে চলা অবিরাম ভারী বর্ষণের কারণে পাহাড়ের ঢালের মাটি অতিরিক্ত নরম ও আলগা হয়ে পড়েছিল। গভীর রাতে হঠাৎ পাহাড়ের বিশাল একটি অংশ ধসে বসতবাড়ির ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ভাইবোন। পরে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে প্রাণহানির ঘটনা ঘটে।
প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বর্ষণে চকরিয়াজুড়ে পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হওয়ায় গত কয়েকদিন ধরেই প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসন তৎপরতা আরও জোরদার করেছে।
Leave a Reply