নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় এক প্রধান শিক্ষককে মারধর করে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জলেয়ারমার ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন কক্সবাজার থেকে চকরিয়ার পুরাতন বাসস্ট্যান্ডে নামেন। পরে জনতা শপিং সেন্টারের সাম্পান রেস্টুরেন্ট থেকে বের হয়ে পাশের গলিতে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত মোহাম্মদ দিদার ও তোহার উদ্দিন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা চার লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাকে ঘুষি, গলা চেপে ধরা এবং কামড়ে বুকের মাংস বের করে নিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, চিকিৎসকের প্রতিবেদনে তার মাথার পেছনের অক্সিপিটাল হাড়ে স্থানচ্যুতিহীন ভাঙা এবং কপালের নিচে রক্তজমাটের আলামত পাওয়া গেছে। এছাড়া ঘটনার পর তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
বর্তমানে আহত প্রধান শিক্ষক কাইছার লিটন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তার পরিবার।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply