মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবান জেলাধীন লামা উপজেলার লামা কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের ৭ জন ক্রীড়াবিদ রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করে এক অনন্য গৌরব অর্জন করেছেন। তাদের এই অসাধারণ সাফল্যে প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা, নিষ্ঠা ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই ৭ ক্রীড়াবিদ রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করেন। তাদের এই অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, সমগ্র লামা উপজেলা এবং বান্দরবান জেলার জন্যও একটি গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, লামা কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ সবসময় শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করছে।
অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে, অধ্যবসায়, পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।
স্থানীয় বিশিষ্টজনরা ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে বলেন, পাহাড়ি জনপদের এই তরুণ ক্রীড়াবিদরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে—এমন প্রত্যাশা সবার।
লামা কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনকারী সকল ক্রীড়াবিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply