স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের পেকুয়ায় সোনালী ব্যাংকের কৃষিঋণ বিতরণ কার্যক্রম কার্যত থমকে গেছে। ঋণ আবেদন ও অর্থ ছাড়ের ক্ষেত্রে ঘুষ দাবির অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক পিএলসি চকরিয়া শাখার বিরুদ্ধে। বিশেষ করে উপজেলার উপকূলীয় রাজাখালী, উজানটিয়া ও মগনামা ইউনিয়নের প্রান্তিক কৃষক ও লবণচাষিরা ঋণ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। ২০ হাজার টাকার ঋণের বিপরীতে ৫ হাজার টাকা এবং ১৩ হাজার টাকার ঋণের বিপরীতে ৩ হাজার টাকা ঘুষ দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় কৃষক ও লবণচাষিদের অভিযোগ, ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত শর্তের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। দাবিকৃত অর্থ দিতে রাজি না হওয়ায় অনেকের ঋণ আবেদন আটকে রাখা হয়েছে। ফলে তিন ইউনিয়নে কৃষিঋণ বিতরণ কার্যক্রম কার্যত সীমিত হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি ২০২৬ সালের জুলাই থেকে সোনালী ব্যাংক পিএলসি সারাদেশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে কৃষিঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় সোনালী ব্যাংক চকরিয়া শাখা থেকেও মাঠপর্যায়ে ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তবে পেকুয়ার উপকূলীয় মগনামা, উজানটিয়া ও রাজাখালী ইউনিয়নের অনেক কৃষক কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
ঋণপ্রত্যাশী কৃষকদের অভিযোগ, সোনালী ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিনের কারণে ঋণ বিতরণ কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ করার পরও ঋণের টাকা ছাড় করা হচ্ছে না। বরং ঋণের পরিমাণ অনুযায়ী অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, ২০ হাজার টাকার ঋণের বিপরীতে ৫ হাজার টাকা এবং ১৩ হাজার টাকার ঋণের বিপরীতে ৩ হাজার টাকা দাবি করা হচ্ছে। তাঁদের ভাষ্য, কৃষিকাজ ও লবণ উৎপাদনের মৌসুমে প্রয়োজনীয় অর্থের অভাবে মাঠ প্রস্তুতসহ উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকার ঘোষিত কৃষিঋণ পেলে তাঁরা উপকৃত হতেন। কিন্তু ঋণ না পাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।
রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার কলিমউল্লাহ বলেন, আমি ২০ হাজার টাকা ঋণের জন্য আবেদন করেছি। কিন্তু ঘুষ না দিলে টাকা ছাড় হবে না বলে জানতে পেরেছি।
একই ইউনিয়নের আবদুল হামিদ, উজানটিয়ার শাহ জামাল ও মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনার জামালসহ একাধিক ঋণপ্রত্যাশী অভিযোগ করেন, ব্যবস্থাপক জসিম উদ্দিনের কারণে তিন ইউনিয়নের অনেক মানুষ সোনালী ব্যাংকের কৃষিঋণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের মধ্যে অনেকে আগের ঋণ পরিশোধ করে পুনরায় আবেদন করেও ঋণ পাচ্ছেন না।
ভুক্তভোগী কৃষক ও লবণচাষিরা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সোনালী ব্যাংকের কক্সবাজারের উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) হস্তক্ষেপ কামনা করেছেন।
তাঁদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সোনালী ব্যাংক পিএলসি চকরিয়া শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন। তিনি বলেন, এসব অভিযোগ মিথ্যা। কোথায় এবং কার কাছে আবেদন করছে তাদের আমার কাছে নিয়ে আসেন। এখানে সিসি ক্যামেরা আছে।শুধু শুধু উল্টাপাল্টা কতা বলে লাভ আছে।আগে নেওয়া ঋণ এখনো পরিশোধ করেননি অনেকে। প্রায় ১ কোটি টাকা এখনো ঋন বকেয়া আছে।
এ বিষয়ে সোনালী ব্যাংক কক্সবাজারের ডিজিএম সাইফুল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। কেন এসব অভিযোগ উঠেছে, তা জানার চেষ্টা করছি। আমি এখনই এ বিষয়ে কথা বলছি।
Leave a Reply