মোঃ নাজমুল হুদা, লামাঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম বমু বিলছড়ি ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত তহবিল থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, চকরিয়া-পেকুয়া এলাকায় ইতিপূর্বে সালাহউদ্দিন আহমদ স্বশরীরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। এরই ধারাবাহিকতায় তাঁর প্রতিনিধিরা বমু বিলছড়ির দুর্গত মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন।
বিতরণকৃত প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, আধা কেজি হুইল পাউডার, ২টি সাবান এবং ২ লিটার পানির বোতল। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সমন্বয় করে ওয়ার্ড পর্যায়ে দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে এই সাহায্য পৌঁছে দেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, বর্তমান আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক (১) মোঃ মিজানুল হক ও মোঃ ইলিয়াছ।
এছাড়াও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সালাহ উদ্দীন, মহিলা দলের সভানেত্রী খতিজা বেগম, কৃষকদলের সভাপতি আব্দুল হামিদ মেম্বারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কাজে সহায়তা করেন।
Leave a Reply