নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক যুগান্তরের চকরিয়া উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক নেতা আবুল মনসুর মো. মহসিনের মা আলহাজ্বা সাফেয়া বেগম সাকেরা (৬৮) আর নেই। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা সাফেয়া বেগম সাকেরা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য (এমইউপি) ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, ১০ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৫ সন্তানের জননী ছিলেন।
মরহুমা ফাঁসিয়াখালী ইউনিয়নের মিসমত আলী পাড়ার বাসিন্দা। তাঁর বাবা ছিলেন ডুলাহাজারার বীর মুক্তিযোদ্ধা মরহুম মাস্টার এন ইসলাম আহমদ। স্বামী আলহাজ্ব মাস্টার আবুল কাসেম ফারুক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সাফেয়া বেগম সাকেরা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের এমইউপি হিসেবে দায়িত্ব পালনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও টানা দুই বছর দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
মরহুমার জ্যেষ্ঠ ছেলে দৈনিক যুগান্তরের চকরিয়া উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর মো. মহসিন। তাঁর অন্য ছেলেরা হলেন ব্যবসায়ী আবুল হাসনাত মো. রুবেল, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মারুফ এবং সৌদি আরবপ্রবাসী ইঞ্জিনিয়ার আবুল কায়েস মো. হিরু।
মরহুমা সাফেয়া বেগম সাকেরার নামাজে জানাজা শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Leave a Reply