মোঃ নাজমুল হুদা, লামা, বান্দরবান: লামাকে পূর্ণাঙ্গ জেলা বাস্তবায়নের দাবিতে বান্দরবানের লামায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে লামার স্থগিত জেলা কার্যক্রম পুনর্বহাল করে দ্রুত পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য বা প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় লামা প্রেসক্লাবে লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
লামা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম. রুহুল আমিন, সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্য। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে লামাকে জেলা হিসেবে বাস্তবায়নের দাবির পক্ষে ৮ পৃষ্ঠার একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক এম. রুহুল আমিন। এতে লামার প্রশাসনিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, আয়তন, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও অবকাঠামোসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, লামার ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এটিকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবি যৌক্তিক। তাদের দাবি, একসময় লামা জেলা হিসেবে ২১ দিন কার্যক্রম পরিচালনা করেছিল। পরে নির্বাহী আদেশে সেই কার্যক্রম স্থগিত করে লামাকে পুনরায় বান্দরবান জেলার উপজেলায় ফিরিয়ে দেওয়া হয়।
এ সময় বক্তারা ২১ দিনের স্থগিত জেলা কার্যক্রম পুনর্বহাল করে দ্রুত লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবি জানান।
এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য বা প্রতিনিধি না রাখায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাদের মতে, জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলার জনগণের প্রতিনিধিত্ব জেলা পরিষদে না থাকায় স্থানীয় মানুষের দাবি ও স্বার্থ যথাযথভাবে তুলে ধরার সুযোগ সীমিত হতে পারে। তাই জেলা পরিষদে লামার ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানান তারা।
বৈঠকে অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন, লামাকে জেলা বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতাগুলো পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে আদালতের শরণাপন্ন হয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বক্তারা আরও বলেন, লামাকে জেলা করার দাবি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক দাবি নয়; এটি লামার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি। তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ দাবি বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।
বৈঠকে সাংবাদিক নজরুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম খন্দকার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
দীর্ঘ আলোচনা শেষে লামার স্থগিত জেলা কার্যক্রম পুনর্বহাল, দ্রুত পূর্ণাঙ্গ জেলা ঘোষণা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামার ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে সভার সভাপতি সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply