নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের নির্যাতিত সাংবাদিক অরিত্র কুমার কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার বিরুদ্ধে হাইকোর্টে রিট দাখিল করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নেতা আহমেদ আবু জাফরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সংগঠনটির চকরিয়া উপজেলা শাখা।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের চকরিয়া উপজেলা শাখার সভাপতি মনসুর মহসিন ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোসাইনসহ সদস্যরা এই কৃতজ্ঞতা জানান।
সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে মব সৃষ্টি করে একজন সাংবাদিককে মারধর এবং ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের পর বিচারাধীন সাংবাদিক অরিত্র কুমার কুন্ডুকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখা সম্পূর্ণ বেআইনি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।
তাঁরা আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ এবং সাংবাদিক অরিত্র কুন্ডুর ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আহমেদ আবু জাফর সাহসিকতার সঙ্গে হাইকোর্টে রিট দাখিল করেছেন। সারাদেশের মফস্বল সাংবাদিকদের পক্ষে এটিই প্রথম রিট।
উল্লেখ্য আহমেদ আবু জাফর ২০১৩ সাল থেকে সারাদেশের পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা আন্দোলন অব্যাহত রেখেছেন। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর এই ধারাবাহিক ভূমিকা প্রশংসনীয়।
চকরিয়া শাখার নেতৃবৃন্দ বলেন, “যেকোনো ধরনের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। সাংবাদিক অরিত্র কুন্ডুর ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও আইনি লড়াই অব্যাহত থাকবে।
আমরা আহমেদ আবু জাফরের এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বিবৃতিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Leave a Reply